রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের চত্ত্বর থেকে জাতীয় পার্টির-জেপি এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা যায়, ৫২ বছর বয়সী নিহত ব্যক্তির নাম সালাম বাহাদুর পেশায় একজন ঠিকাদার।
তার বাসা রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়কে। গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায়।
তিনি জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক বলে জানা গেছে।
রোববার (১৬ জুলাই) দুপুরে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,
‘রাত সাড়ে ১১টার দিকে একটি মাইক্রোবাসে তিনজন হাসপাতালের জরুরি বিভাগের সামনে মরদেহটি ফেলে রেখে পালিয়ে যায়।’
‘পরে সেখানে থাকা লোকজন পুলিশকে খবর দিলে আইন-শৃঙ্খলা বাহিনী মরদেহটি উদ্ধার করে।’
ওসি উৎপল বড়ুয়া আরও বলেন,
‘প্রথম অবস্থায় নিহতের পরিচয় জানা যায়নি। পরে পরিচয় মেলে। তিনি জাপার একজন নেতা।’
‘মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মামলা হবে।’
পুলিশ সূত্রে জানা যায়,
‘তারা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখছে।’
‘সেই ভিডিও ফুটেজে একটি লাল রঙের মাইক্রোবাসে করে দুই তরুণ ও এক তরুণীকে জাপা নেতার মরদেহ ফেলে রেখে পালিয়ে যেতে দেখা গেছে। তাদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।’
আরও পড়ুন:

Comments are closed.